গতি। জানি আমি সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে পরিপূর্ণ এ জীবন, কঠোর বন্ধনে ক্ষতচিহ্ণ পড়ে’ যায় গ্রন্থিতে গ্রন্থিতে, জানি আমি সংসারের সমুদ্র সন্ধিতে কারো ভাগ্যে সুধা ওঠে, কারো হলাহল;- জানি না কেন এ সব, কোন্ ফলাফল আছে এই বিশ্বব্যাপী কর্ম্ম-শৃঙ্খলার,- জানি না কি হবে পরে, সবি অন্ধকার আদি অন্ত এ সংসারে; নিখিল-দুঃখের অন্ত আছে কি না আছে, সুখ-বুভুক্ষের মিটে কি না চির-আশা! পণ্ডিতের দ্বারে চাহি না এ জনম-রহস্য জানিবারে! চাহি না ছিঁড়িতে একা বিশ্বব্যাপী ডোর, লক্ষ কোটী প্রাণী সাথে এক গতি মোর! — সোনার তরী (1894)