“এক যে রাজা”—“থাম্ না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা।” “তার যে মাতুল”—“মাতুল কি সে? সবাই জানে সে তার পিসে।” “তার ছিল এক ছাগল ছানা”— “ছাগলের কি গজায় ডানা?” “একদিন তার ছাতের ’পরে”— “ছাত কোথা হে টিনের ঘরে?” “বাগানের এক উড়ে মালী”— “মালী নয়তো! মেহের আলি”— “মনের সাধে গাইছে বেহাগ,” “বেহাগ তো নয়! বসন্ত রাগ।”  “থও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি”— “আচ্ছা বল, চুপ করেছি।” “এমন সময় বিছ্না ছেড়ে, হঠাৎ মামা আস্‌ল তেড়ে, ধর্‌ল সে তার ঝুঁটির গোড়া—“ “কোথায় ঝুঁটি? টাক যে ভরা।” “হোক না টেকো, তোর তাতে কি? লক্ষ্মীছাড়া মুখ্যু ঢেঁকি! ধর্‌ব ঠেসে টুঁটির ’পরে, পিটব তোমার মুণ্ডু ধ’রে— কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা?”