শিবঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে! কেউ যদি যায় পিছলে প’ড়ে, প্যায়দা এসে পাক্‌‌ড়ে ধরে, কাজির কাছে হয় বিচার— একুশ টাকা দণ্ড তার॥ সেথায় সন্ধে ছ’টার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচ্‌লে পরে বিন্‌টিকিটে— দম‌্দমাদম্ লাগায় পিঠে, কোটাল এসে নস্যি ঝাড়ে— একুশ দফা হাঁচিয়ে মারে॥ কারুর যদি দাঁতটি নড়ে, চারটি টাকা মাশুল ধরে, কারুর যদি গোঁফ গজায়, একশো আনা ট্যাক্সো চায়— খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়, সেলাম ঠোকায় একুশ বার॥ চলতে গিয়ে কেউ যদি চায় এদিক-ওদিক ডাইনে বাঁয়, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুরে রোদে ঘামিয়ে তায় একুশ হাতা জল গেলায়॥ যে সব লোকে পদ্য লেখে, তাদের ধরে খাঁচায় রেখে, কানের কাছে নানান্ সুরে, নামতা শোনায় একশো উড়ে, সামনে রেখে মুদীর খাতা— হিসেব কষায় একুশ পাতা॥ হঠাৎ সেথায় রাত দুপুরে, নাক ডাকালে ঘুমের ঘোরে, অম্‌‌নি তেড়ে মাথায় ঘষে, গোবর গুলে বেলের কষে, একুশটি পাক ঘুরিয়ে তাকে একুশ ঘণ্টা ঝুলিয়ে রাখে॥