এখানে আকাশ নীল—নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম শাদা—রং তার আশ্বিনের আলোর মতন; আকন্দফুলের কালো ভীমর‍ূল এইখানে করে গ‍ুঞ্জরণ রৌদ্রের দুপুর ভ’রে;—বার বার রোদ তার সুচিক্কণ চুল কাঁঠাল জামের বুকে নিঙড়ায়;—দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন, ধনপতি, শ্রীমন্তের, বেহ‍ুলার, লহনার ছুঁয়েছে চরণ; মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধূল, কবেকার কোকিলের, জান কি তা? যখন মুকুন্দরাম, হায়, লিখিতেছিলেন ব’সে দু’-পহরে সাধের সে চণ্‍ডিকামঙ্গল, কোকিলের ডাক শ‍ুনে লেখা তাঁর বাধা পায়—থেমে থেমে যায়;— অথবা বেহ‍ুলা একা যখন চলেছে ভেঙে গাঙুড়ের জল সন্ধ্যার অন্ধকারে, ধান ক্ষেতে, আমবনে, অস্পষ্ট শাখায় কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। — রূপসী বাংলা (1957)