এবার নীরব করে দাওহে তোমার মুখর কবিরে। তার হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে। নিশীথ রাতের নিবিড় সুরে, বাঁশিতে তান দাওহে পূরে, যে তান দিয়ে অবাক কর গ্রহ শশীরে। যা কিছু মোর ছড়িয়ে আছে জীবন মরণে গানের টানে মিলুক এসে তোমার চরণে বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি, একলা বসে শুনব বাঁশি অকুল তিমিরে। ৩০ চৈত্র, ১৩১৬ — গীতাঞ্জলি (1910)