আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানত! তখন ছিলনা ভয় ছিলনা লাজ মনে জীবন বহে যেত অশান্ত। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মত, হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে সেদিন কতনা বন-বনান্ত। ওগো সেদিন তুমি গাইতে যে সব গান কোনো অর্থ তাহার কে জানত! শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ, সদা নাচ‍্ত হৃদয় অশান্ত। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, তোমার চরণ পানে নয়ন করি নত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত ১৭ জ্যৈষ্ঠ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)