দয়া করে ইচ্ছা করে আপনি ছোট হয়ে       এস তুমি এ ক্ষুদ্র আলয়ে।        তাই তোমার মাধুর্য সুধা        ঘুচায় আমার আঁখির ক্ষুধা,        জলে স্থলে দাও যে ধরা          কত আকার লয়ে।     বন্ধু হয়ে পিতা হয়ে জননী হয়ে।     আপনি তুমি ছোট হয়ে এস হৃদয়ে।        আমিও কি আপন হাতে        করব ছোট বিশ্বনাথে?     জানাব আর জানব তোমায়           ক্ষুদ্র পরিচয়ে? ২৬ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)