হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলা দেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান,  গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলা দেশের প্রাণ। “হয় ধন নয় প্রাণ” এ শব্দে সারা দেশ দিশাহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃতু্যর ভয় তারা। সাবাস, বাংলা দেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়: জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো, রক্তে রঙিন ধান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলা দেশের প্রাণ॥ — পূর্বাভাস (1950)