আত্মসমর্পণ। তোমার আনন্দগানে আমি দিব সুর যাহা জানি দুয়েকটি প্রীতি-সুমধুর অন্তরের গাথা; দুঃখের ক্রন্দনে বাজিবে আমার কণ্ঠ বিষাদ-বিধুর তোমার কণ্ঠের সনে; কুসুমে চন্দনে তোমারে পূজিব আমি; পরাব সিন্দুর তোমার সীমন্তে ভালে; বিচিত্র বন্ধনে তোমারে বাঁধিব আমি; প্রমোদ-সিন্ধুর তরঙ্গেতে দিব দোলা নব ছন্দে তানে! মানব-আত্মার গর্ব্ব আর নাহি মোর, চেয়ে তোর স্নিগ্ধশ্যাম মাতৃমুখ পানে, ভাল বাসিয়াছি আমি ধুলি মাটি তোর! জন্মেছি যে মর্ত্ত্য-কোলে ঘৃণা করি তারে ছুটিব না স্বর্গ আর মুক্তি খুঁজিবারে! ৫ অগ্রহায়ণ, ১৩০০। — সোনার তরী (1894)