অক্ষমা। যেখানে এসেছি আমি, আমি সেথাকার, দরিদ্র সন্তান আমি দীন ধরণীর! জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির। অসীম ঐশ্বর্য্যরাশি নাই তোর হাতে হে শ্যামলা সর্ব্বসহা জননী মৃণ্ময়ী! সকলের মুখে অন্ন চাহিস্‌ যোগাতে, পারিস্‌ নে কতবার,-কই অন্ন কই কাঁদে তোর সন্তানেরা স্নান শুষ্ক মুখ;- জানি মাগো, তোর হাতে অসম্পূর্ণ সুখ, যা-কিছু গড়িয়া দিস্ ভেঙ্গে ভেঙ্গে যায়, সব তা’তে হাত দেয় মৃত্যু সর্ব্বভুক্‌, সব আশা মিটাইতে পারিস্‌নে হায় তা বলে’ কি ছেড়ে যাব তোর তপ্ত বুক! — সোনার তরী (1894)