আসনতলের মাটির পরে লুটিয়ে রব। তোমার চরণ-ধূলায় ধূলায় ধূসর হব।      কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো!      চিরজনম এমন করে ভুলিয়োনাক!      অসম্মানে আন টেনে পায়ে তব।      তোমার চরণ-ধূলায় ধূলায় ধূসর হব। আমি তোমার যাত্রিদলের রব পিছে, স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে। প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে আমি কিছুই চাইব না ত রইব চেয়ে;      সবার শেষে বাকি যা রয় তাহাই লব!      তোমার চরণ-ধূলায় ধূলায় ধূসর হব। ১০ পৌষ ১৩১৬ — গীতাঞ্জলি (1910)