তুমি যে কাজ করচ, আমায় সেই কাজে কি লাগাবে না? কাজের দিনে আমায় তুমি আপন হাতে জাগাবে না? ভালমন্দ ওঠাপড়ায়, বিশ্বশালার ভাঙাগড়ায় তোমার পাশে দাড়িয়ে যেন তোমার সাথে হয় গো চেনা? ভেবেছিলেম বিজন ছায়ায় নাই যেখানে আনাগোনা সন্ধ্যাবেলায় তোমায় আমায় সেথায় হবে জানাশোনা। অন্ধকারে একা একা, সে দেখা যে স্বপ্ন দেখা, ডাকো তোমার হাটের মাঝে চল্‌চে যেথায় বেচাকেনা। ৬ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)