আমার মাঝে তোমার লীলা হবে       তাই ত আমি এসেছি এই ভবে          এই ঘরে সব খুলে যাবে দ্বার,          ঘুচে যাবে সকল অহঙ্কার,          আনন্দময় তোমার এ সংসারে             আমার কিছু আর বাকি না রবে। মরে গিয়ে বাঁচব আমি তবে, আমার মাঝে তোমার লীলা হবে :       সব বাসনা যাবে আমার থেমে       মিলে গিয়ে তোমার এক প্রেমে,       দুঃখ সুখের বিচিত্র জীবনে          তুমি ছাড়া আর কিছু না রবে। ৭ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)