আমার এ ঘরে আপনার করে            গৃহদীপখানি জ্বালো।         সব দুখশোক সার্থক হোক            লভিয়া তোমারি আলো। কোণে কোণে যত লুকানো আঁধার     মরুক ধন্য হয়ে, তোমারি পুণ্য আলোকে বসিয়া     প্রিয়জনে বাসি ভালো। আমার এ ঘরে আপনার করে     গৃহদীপখানি জ্বালো।       পরশমণির প্রদীপ তোমার            অচপল তার জ্যোতি,       সোনা করে নিক পলকে আমার            সব কলঙ্ক কালো।       আমার এ ঘরে আপনার করে            গৃহদীপখানি জ্বালো। আমি যত দীপ জ্বালি শুধু তার     জ্বালা আর শুধু কালি— আমার ঘরের দুয়াবে শিয়রে     তোমারি কিরণ ঢালো। আমার এ ঘরে আপনার করে     গৃহদীপখানি জ্বালো। — নৈবেদ্য (1901)