আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি       তাই ভোরে উঠেছি। আজ শুনতে পাব প্রথম আলোর বাণী       তাই বাইরে ছুটেছি।       এই হল মোদের পাওয়া,       তাই ধরেছি গান-গাওয়া, আজ লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে       সোনার রেণু লুটেছি॥       আজ পারুল-দিদির বনে       মোরা চলব নিমন্ত্রণে, আজ চাঁপা-ভায়ের শাখাছায়ের তলে       মোরা সবাই জুটেছি।       আজ মনের মধ্যে ছেয়ে       সুনীল আকাশ ওঠে গেয়ে, আজ সকালবেলায় ছেলেখেলার ছলে       সকল শিকল টুটেছি॥ ১৩১৬ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)