ভৈরবী   অয়ি ভুবনমনোমোহিনী! অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী   জনকজননী-জননী! নীলসিন্ধুজলধৌত চরণতল, অনিলবিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বরচুম্বিত ভাল হিমাচল,   শুভ্রতুষারকিরীটিনী! প্রথম প্রভাত-উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে, প্রথম প্রচারিত তব বনভবনে   জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী! চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন, জাহ্নবীযমুনা বিগলিত করুণা   পুণ্যপীযুষস্তন্যবাহিনী। পৌষ ১৩০৩ — কল্পনা (1900)