তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর।      চলে যাব নবজীবনলোকে      নূতন দেখা জাগবে আমার চোখে      নবীন হয়ে নূতন সে আলোকে         পরব তব নবমিলন ডোর।         তোমায় খোঁজা শেষ হবেনা মোর। তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নূতন লীলা তাই।      আবার তুমি জানিনে কোন বেশে      পথের মাঝে দাড়াবে নাথ হেসে,      আমার এ হাত ধরবে কাছে এসে,         লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর।         তোমায় খোঁজা শেষ হবেনা মোর। ১০ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)