তাই তোমার আনন্দ আমার পর   তুমি তাই এসেছ নীচে।  আমায় নইলে, ত্রিভূবনেশ্বর,   তোমার প্রেম হত যে মিছে        আমায় নিয়ে মেলেছ এই মেলা,        আমার হিয়ায় চলচে রসের খেলা,        মোর জীবনে বিচিত্ররূপ ধরে         তোমার ইচ্ছা তরঙ্গিছে  তাইত তুমি রাজার রাজা হয়ে   তবু আমার হৃদয় লাগি  ফিরচ কত মনোহর-বেশে,   প্রভু নিত্য আছ জাগি।        তাই ত, প্রভু, যেথায় এল নেমে        তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে,        মত্তি তোমার যুগল-সম্মিলনে         সেথায় পূর্ণ প্রকাশিছে। ২৮ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)