(মাদাগাস্কার) স্ত্রী। নিত্যই তুমি বল, ‘ভালবাসি’ আজিকে সুধাই তাই,— কিসের মতন ভালবাস মোরে?— আমি তা’ শুনিতে চাই। পুরুষ। অন্নের মত ভালবাসি তোমা’,— অন্নগত এ প্রাণ,— যা’ নহিলে চোখ দেখিতে না পায়, শুনিতে না পায় কান। স্ত্রী। ক্ষুধার তাড়না না থাকে যখন অন্ন তখন কিবা? এই ভালবাসা? ইহারি গর্ব্ব কর তুমি নিশি দিবা! পুরুষ। স্নিগ্ধ বিমল নির্ঝর জল। সম তোমা’ ভালবাসি, কর্ম্মক্লান্ত, সমুদভ্রান্ত,— তাই কাছে ছুটে আসি। স্ত্রী। গুম্ফে ও চুলে ধূলা যবে ঝুলে লোকে হেসে বলে ‘চাষা’ তখনি কেবল প্রয়োজন জল; এই তব ভালবাসা? পুরুষ। শীতে সম্বল “লম্বে”র মত তুমি গো আমার পক্ষে, তাই সাথে নিয়ে ফিরি চিরকাল, বাঁধিবারে চাই বক্ষে। স্ত্রী। হ’লে পুরাতন ফুরায় যতন দূরে পড়ে থাকে “লম্ব”, এই পুরুষের ভালবাসা বুঝি? এই নিয়ে এত দন্ত! পুরুষ। মধু চক্রের মতন তোমায় ভালবাসি প্রাণ ভ’রে, হরষে যে ধন লুটিয়া এনেছি যতনে রেখেছি ঘরে! স্ত্রী। মধুচক্রের সব নহে মধু, . সব(ই) নহে পরিপাটি; অনেক তাহাতে আছে জঞ্জাল, ঢের আছে মলামাটি। পুরুষ। রাজার মতন ভালবাসি তোরে, ভালবাসি গরিমায়, যাহার আদেশে ওঠে বসে লোক, যার গুণ সবে গায়। স্ত্রী। রাজার সঙ্গে প্রেমের তুলনা কোরো তুমি চিরদিন, যার কটাক্ষে নত হয়ে আসে নয়ন লজ্জাহীন;— পুরুষ। যার কটাক্ষে কলঙ্কী হিয়া সরমে মরিয়া যায়, যার ইঙ্গিতে সব সঙ্কোচ নিঃশেষে লয় পায়।