আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়    মনের কথার কুসুম-কোরক খোঁজে। সেথায় কখন্ অগম গোপন গহন মায়ায়    পথ হারাইল ও-যে। আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে,— নিভৃত বাণীর সন্ধান নাই যে রে; অজানার মাঝে অবুঝের মতো ফেরে    অশ্রুধারায় ম’জে॥ আমার হৃদয়ে যে-কথা লুকানো, তা’র আভাষণ    ফেলে কভু ছায়া তোমার হৃদয় তলে? দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন,    সে তোমারে কিছু বলে? তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে, বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে    সে কি কেহ নাহি বোঝে? শ্রাবণ?, ১৩৩৫ — মহুয়া (1929)