প্রভাত না হ’তে আমরা ঝরিয়া পড়ি, ফুটিয়া উঠিতে ফুরায় মোদের আয়ু, ননীর পুতুল—হিমের পরশে মরি বহে যবে হায় প্রথম শীতের বায়ু। লাখে লাখে লাখে আমরা ঝরিয়া যাই, পুলক-পেলব দুধে-ধোয়া শিশু ফুল; মৃদু সৌরভে হৃদয় ভরিয়া যাই, শিশির-সজল স্মিরিতির সমতুল! গণনায় কারো আসি নে আমরা কভু, স্মরণের পটে থাকি নে অধিকক্ষণ; অকালে লুপ্ত শিশুদের মত তবু অশ্রু সুরভি আমাদের এ জীবন!