আমরা এখন প্রেমের দেশে, তবে, বল, এখন কোথায় যাব আর? থাক্‌বে হেথা?—যেতে কোথাও হ’বে? পাল তুলে দিই?—ধরি তবে দাঁড়? নানান্ দিকে বহে নানান্ বায়, ফাগুন চিরদিনই ফাগুন হায়, প্রেমের পাশে বন্দী মোরা তায়, এখন বল, কোথায় যা’ব আর? চুমার চাপে যে দুখ গেছে মরি’,— অস্ত সুখের শেষ নিশাসে ভরি’,— প্রসাদ পবন মোদের হ’বে সে; ফুলে বোঝাই হ’বে নৌকা খান্, পন্থা মোদের জানেন ভগবান, আর জানে সেই কুসুম-ধনু যে! প্রেমের পাশে বন্দী মোরা, হায়, এখন বল, যা’ব আর কোথায়? মাঝি মোদের প্রণয়-গাথা যত, ধ্বজে দু’টি কপোত প্রণয়-ব্রত, সোনার পাটা, সোনার হ’বে ছই, রশারশি রসিক জনের হাসি, নয়ন কোণে র’বে রসদ রাশি, রসদ্ রবে অধর প্রান্তে সই! প্রেমের পাশে বন্দী মোরা, হায়! এখন বল, যা’ব আর কোথায়? কোথায় শেষে নামাব, বল্, তোরে, বিদেশী সব যেথায় নিতি ঘোরে? কিম্বা মাঠের শেষে গাঁয়ের ঘাটে?— যে দেশে ফুল ফোটে অনল মাঝে? কিম্বা যেথায় তুষার বুকে সাজে? কিম্বা জলের ফেণার সাথে ফাটে? প্রেমের পাশে বন্দী মোরা হায়! এখন বল,—যা’ব আর কোথায়? কয় সে ধীরে “নামিও মোরে সেথা, প্রেমের পাখী এক্‌টি মাত্র যেথা;— একটি শর, এক্‌টি মাত্র হিয়া!” তেমন পুরী যেথায় আছে, হায়, নরের তরী যায় না গো সেথায়; নারী সেথায় নাম্‌তে নারে, প্রিয়া! তেয়োফিল্, গতিয়ে।