যে-গান গাহিয়াছিনু কবেকার দক্ষিণ বাতাসে সে-গান আমার কাছে কেন আজ ফিরে ফিরে আসে শরতের অবসানে? সেদিনের সাহানার সুব আজি অসময়ে এসে অকারণে করিছে বিধুর মধ্যাহ্ণের আকাশেরে; দিগন্তের অরণ্য রেখায় দূর অতীতের বাণী লিপ্ত আছে অস্পষ্ট লেখায়, তাহারে ফুটাতে চাহে। পথভ্রান্ত করুণ গুঞ্জনে মধু আহরিতে ফিরে, সেদিনের অকৃপণ বনে যে-চামেলি বল্লী ছিল তারি শূন্য দানসত্র হ’তে। ছায়াতে যা লীন হ’লো তা’রে খোঁজে নিষ্ঠুর আলোতে শীতরিক্ত শাখা ছেড়ে পাখী গেছে সিন্ধুপারে চলি’ তারি কুলায়ের কাছে সে-কালের বিস্মৃত কাকলী বৃথাই জাগাতে আসে। যে-তারকা অস্তে গেল দূরে তাহারি স্পন্দন ও-যে ধরিয়া এনেছে নিজ সুরে॥ পৌষ?, ১৩৩৫ — মহুয়া (1929)