প্রভু, তোমার বীণা যেমনি বাজে         আঁধারমাঝে         অমনি ফোটে তারা। যেন সেই বীণাটি গভীর তানে         আমার প্রাণে         বাজে তেমনি ধারা॥ তখন নূতন সৃষ্টি প্রকাশ হবে         কী গৌরবে         হৃদয়-অন্ধকারে। তখন স্তরে স্তরে আলোকরাশি         উঠবে ভাসি         চিত্তগগনপারে॥ তখন তোমারি সৌন্দর্যছবি,         ওগো কবি,         আমায় পড়বে আঁকা- তখন বিস্ময়ের রবে না সীমা,         ঐ মহিমা         আর যাবে না ঢাকা॥ তখন তোমারি প্রসন্ন হাসি          পড়বে আসি          নবজীবন’পরে। তখন আনন্দ-অমৃতে তব          ধন্য হব          চিরদিনের তরে॥ ১৪ পৌষ ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)