প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে       কী উচ্ছ্বাসে   ক্লান্তিবিহীন ফুল-ফোটানোর খেলা!     ক্ষান্ত-কূজন শান্ত বিজন সন্ধ্যাবেলা   প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি’-       “এসেছে কি?” আর বছরেই এম্‌নি দিনেই ফাগুন মাসে       কী উচ্ছ্বাসে   নাচের মাতন লাগ্‌লো শিরীষ ডালে,     স্বর্গপুরের কোন্ নূপুরের তালে! প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিলো,—“শুনাও দেখি,       আসেনি কি?” আবার কখন্ এম্‌নি দিনেই ফাগুন মাসে       কী আশ্বাসে   ডালগুলি তা’র রইবে শ্রবণ পেতে   অলখ জনের চরণশব্দে মেতে! প্রত্যহ তা’র মর্মর স্বর ব’ল্‌বে আমায় কী বিশ্বাসে       “সে কি আসে?” প্রশ্ন জানাই পুষ্প-বিভোর ফাগুন মাসে       কী আশ্বাসে,     হায় গো আমার ভাগ্যরাতের তারা,       নিমেষ-গণন হয় না কি মোর সারা?     প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো,       “সে কি এলো?” ২৩ শ্রাবণ, ১৩৩৫ — মহুয়া (1929)