প্রতিদিন আমি হে জীবনস্বামী,   দাঁড়াব তোমারি সম্মুখে। করি জোড়কর হে ভুবনেশ্বর,   দাঁড়াব তোমারি সম্মুখে।     তোমার অপার আকাশের তালে       বিজনে বিরলে হে,     নম্র হৃদয়ে নয়নের জলে       দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার বিচিত্র এ ভবসংসারে   কর্মপারাবার-পারে হে, নিখিল-জগত-জনের মাঝারে   দাঁড়াব তোমারি সম্মুখে।     তোমার এ ভবে মোর কাজ যবে       সমাপন হবে হে,     ওগো রাজরাজ, একাকী নীরবে       দাঁড়াব তোমারি সম্মুখে। — নৈবেদ্য (1901)