দিয়েছো প্রশ্রয় মোরে, করুণা-নিলয়, হে প্রভু, প্রত্যহ মোরে দিয়েছো প্রশ্রয়। ফিরেছি আপন-মনে আলসে লালসে বিলাসে আবেশে ভেসে প্রবৃত্তির বশে নানা পথে, নানা ব্যর্থ কাজে, তুমি তবু তখনো যে সাথে সাথে ছিলে মোর, প্রভু, আজ তাহা জানি! যে অলস চিন্তালতা প্রচুর পল্লবাকীর্ণ ঘন জটিলতা হৃদয়ে বেষ্টিয়াছিল, তা’রিশাখাজালে তোমার চিন্তার ফুল আপনি ফুটালে, নিগূঢ় শিকড়ে তার বিন্দু বিন্দু সুধা গোপনে সিঞ্চন করি’। দিয়ে তৃষ্ণা-ক্ষুধা, দিয়ে দণ্ড পুরস্কার, সুখ দুঃখ ভয় নিয়ত টানিয়া কাছে দিয়েছো প্রশ্রয়। (২৩ ফাল্গুন, ১৩০৭) — পূরবী (1925)