পারবি না কি যোগ দিতে এই ছন্দেরে, খসে যাবার ভেসে যাবার       ভাঙবারই আনন্দে রে! পাতিয়া কান শুনিস না যে দিকে দিকে গগন মাঝে মরণ বীণায় কি সুর বাজে তপন-তারা-চন্দ্রেরে জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে জ্বলবারই আনন্দে রে! পাগল-করা গানের তানে ধায় যে কোথা কেই বা জানে, চায় না ফিরে পিছন পানে রয়না বাঁধা বন্ধেরে, লুটে যাবার ছুটে যাবার চলবারই আনন্দে রে। সেই আনন্দ-চরণপাতে ছয় ঋতু যে নৃত্যে মাতে, প্লাবন বহে যায় ধরাতে বরণ গীতে গন্ধেরে, ফেলে দেবার ছেড়ে দেবার মরবারই আনন্দে রে। ১৮ ভাদ্র ১৩১৬ — গীতাঞ্জলি (1910)