সেই ভালো প্রতি যুগ আনে না আপন অবসান,      সম্পূর্ণ করে না তা’র গান; অতৃপ্তির দীর্ঘশ্বাস রেখে দিয়ে যায় সে বাতাসে।    তাই যবে পরযুগে বাঁশির উচ্ছ্বাসে      বেজে ওঠে গানখানি      তা’র মাঝে সুদূরের বাণী কোথায় লুকায়ে থাকে, কি বলে সে বুঝিতে কে পারে;   যুগান্তরের ব্যথা প্রত্যহের ব্যথার মাঝারে     মিলায় অশ্রুর বাষ্পজাল;     অতীতের সূর্য্যাস্তের কাল    আপনার সকরুণ বর্ণ-চ্ছটা মেলে      মৃত্যুর ঐশ্বর্য্য দেয় ঢেলে,   নিমেষের বেদনারে করে সুবিপুল।      তাই বসন্তের ফুল      নাম-ভুলে-যাওয়া   প্রেয়সীর নিঃশ্বাসের হাওয়া যুগান্তর সাগরের দ্বীপান্তর হ’তে বহি’ আনে। যেন কি অজানা ভাষা মিশে যায় প্রণয়ীর কানে      পরিচিত ভাষাটির সাথে,—       মিলনের রাতে॥ আণ্ডেস্ জাহাজ, ৭ নভেম্বর, ১৯২৪। — পূরবী (1925)