(প্রাচীন মিশর) আপনি আপন সমাধি-ভবন নিরমিল যারা রাখিতে দেহ, আজি তাহাদের সে দেহ কোথায়? চিনু খুঁজিয়া পায় না কেহ! কোথা তাহাদের কীর্ত্তি-কাহিনী? আজি কোন্ জন জানে বা তাহা? কত শ্লোক আজ মুখে মুখে ফিরে, কার সে রচনা জানি নে, আহা! ভেঙেছে প্রাচীর রাজ-সমাধির, হায় এন্তেফ! হায় গো প্রভু! ভিত্তি তাহার খুঁজে পাওয়া ভার, যেন সে ছিল না,- হয় নি কভু।