(মিশর) মরণ,—জ্বরের দাহ অবসানে মুক্ত বাতাসে যাওয়া; নিখিল ব্যাধির ঔষধ সে যে দৈবে শিয়রে পাওয়া! মরণ,—সুরভি পূজা ভবনের ধূপের অন্ধকার, বাত্যা-তাড়িত তরীতে নিদ্রা,— লেশ নাই সংজ্ঞার। সে যে কমলের গূঢ় পরিমল,— সীমার প্রাপ্তি ভূমা! মহা নিঝরের বর্ত্ম মরণ,— অনাদি কালের চুমা! যুদ্ধের শেষে নৌ-সেনানীর ফিরে যাওয়া নিজ দেশে, আকাশ নীলের বিমল বিকাশ ঘোর ঝঞ্ঝার শেষে; বন্দী জনের কামনার নিধি মরণেরে মনে হয়, বহুবরষের কারা-ক্লেশে যার জীবন দুঃখময়। সেই তো দেবতা দেহ-অবসানে যে গেছে মৃত্যু-লোকে, মোচন করিয়া দূরে ফেলে দেছে শোচনার নির্ম্মোকে; সূর্য্যের কাছে সুখে বসে আছে। সূর্য্যে নৌকায়, তর্পণ কালে দেবতার সাথে বলি-উপহার পায়; মৃত্যুরে পেয়ে পায় গো না চেয়ে জ্ঞানীর অধিক জ্ঞান, জীবিতে যা’ রবি না দ্যান্‌ কখনো মৃতজনে তাহা দ্যান্‌।