(মেক্সিকো) গোটা গোটা উঠল ফুটে জাল্-তু-মোতির ফুল, পাপড়ি সে পূরন্ত হ’ল বাতাসে দুল্‌দুল্‌; পাহাড় কোলে কুজ্ঝ্বটিকা ঘুমিয়ে প’ল আজ, শীষ দিয়ে ঐ নীল পাখীটি ডুবলো পাতার মাঝ! কঠিন ঠোঁটে গাছের বাকল কোন্ পাখী কাটে, কাঠ্‌বিড়ালীর ‘চিড়িক্‌’ ‘চিড়িক্‌’ শব্দে কান ফাটে; কালো বাদুড় মাকুর মতন সাঁঝের জাল বোনে, ফলন্ত গাছ নুয়ে কথা কয় মাটির সনে! হাওয়ার কোলে মিলিয়ে গেল এক্‌লা চীলের ডাক, বৃষ্টি এসে পড়্‌ল ব’লে,—আয় গো নাচা যাক্।