দুর্বল পৃথিবী কাঁদে জটিল বিকারে, মৃত্যুহীন ধমনীর জ্বলন্ত প্রলাপ; অবরুদ্ধ বক্ষে তার উন্মাদ তড়িৎ: নিত্য দেখে বিভীষিকা পূর্ব অভিশাপ। ভয়ার্ত শোণিত-চক্ষে নামে কালোছায়া, রক্তাক্ত ঝটিকা আনে মূর্ত শিহরণ— দিক্প্রান্তে শোকাতুরা হাসে ক্র‌ুর হাসি; রোগগ্রস্ত সন্তানের অদ্ভ‌ুত মরণ। দৃষ্টিহীন আকাশের নিষ্ঠ‌ুর সান্ত্বনা ধূ-ধু করে চেরাপুঞ্জি—সহিষ্ণু হৃদয়। ক্লান্তিহারা পথিকের অরণ্য ক্রন্দন; নিশীথে প্রেতের বুকে জাগে মৃত্যুভয়॥ — পূর্বাভাস (1950)