নামাও নামাও আমায় তোমার চরণ-তলে, গলাও হে মন, ভাসাও জীবন নয়ন-জলে। এক আমি অহঙ্কারের উচ্চ অচলে, পাষাণ আসন ধূলায় লুটাও ভাঙ সবলে। নামাও নামাও আমায় তোমার চরণ-তলে। কি লয়ে বা গর্ব্ব করি ব্যর্থ জীবনে! ভরা গৃহে শূন্য আমি তোমা বিহনে। দিনের কর্ম্ম ডুবেছে মোর আপন অতলে সন্ধ্যাবেলার পূজা যেন যায় না বিফলে! নামাও নামাও আমায় তোমার চরণ-তলে। মাঘ, ১৩১৬ — গীতাঞ্জলি (1910)