মুহূর্ত (ক) এমন মুহূর্ত এসেছিল একদিন আমার জীবনে যে মুহুর্তে মনে-হয়েছিল সার্থক ভুবনে বেঁচে থাকা: কালের অরণ্য পদপাত ঘটেছিল আমার গুহায়। জরাগ্রস্ত শীতের পাতারা উড়ে এসেছিল কোথা থেকে, সব কিছু মিশে একাকার কাল-বোশেখীর পদার্পণে! সেদিন হাওয়ায় জমেছিল অদ্ভ‌ুত রোমাঞ্চ দিকে দিকে; আকাশের চোখে আশীর্বাদ, চুক্তি ছিল আমৃত্যু জীবনে। সে সব মুহুর্তগুলো আজো প্রাণের অস্পষ্ট প্রশাখায় ফোটায় সবুজ ফুল, উড়ে আসে কাব্যের মৌমাছি। অসংখ্য মুহুর্তে গ’ড়ে তোলা স্বপ্ন-দুর্গ মুহুর্তে চুরমার। আজ কক্ষচ্যুত ভাবি আমি মুহূর্তকে ভুলে থাকা বৃথা;— যে মুহূর্ত অদৃশ্য প্লাবনে টেনে নিয়ে যায় কক্ষাস্তরে। আজ আছি নক্ষত্রের দলে, কাল জানি মুহূর্তের টানে ভেসে যাব সূর্যের সভায়, ক্ষুব্ধ কালো ঝড়ের জাহাজে॥ — পূর্বাভাস (1950)