মৃ্ত্যুমাধুরী পরান কহিছে ধীরে— হে মৃত্যু মধুর, এই নীলাম্বর, এ কি তব অন্তঃপুর? আজি মোর মনে হয়, এ শ্যামলা ভূমি বিস্তীর্ণ কোমল শয্যা পাতিয়াছ তুমি। জলে স্থলে লীলা আজি এই বরষার— এই শান্তি, এ লাবণ্য, সকলই তোমার। মনে হয়, যেন তব মিলনবিহনে অতিশয় ক্ষুদ্র আমি এ বিশ্বভুবনে। প্রশান্ত করুণ চক্ষে প্রসন্ন অধরে, তুমি মোরে ডাকিতেছ সর্ব চরাচরে। প্রথম মিলনভীতি ভেঙেছে বধূর তোমার বিরাট মূর্তি নিরখি মধুর। সর্বত্র বিবাহবাঁশি উঠিতেছে বাজি; সর্বত্র তোমার ক্রোড় হেরিতেছি আজি। ৭ শ্রাবণ, ১৩০৩ — চৈতালি (1896)