কেন আসিতেছ মুগ্ধ মোর পানে ধেয়ে ও গো দিকভ্রান্ত পান্থ, তৃষার্ত্ত নয়ানে লুব্ধ বেগে! আমি যে তৃষিত তোমা চেয়ে! আমি চির দিন থাকি এ মরু শয়ানে সঙ্গীহারা। এ ত নহে পিপাসার জল, এ ত নহে নিকুঞ্জের ছায়া,—পক্ক ফল মধুরসে ভরা, এ ত নহে উৎসধারে সিঞ্চিত সরস স্নিগ্ধ নবীন শাদ্বল নয়ন নন্দন শ্যাম। পল্লব মাঝারে কোথায় বিহঙ্গ, কোথা মধুর দল! শুধু জেনো, একখানি বহ্ণিসম শিখা তপ্ত বাসনার তুলি আমার সম্বল,— অনন্ত পিপাসা পটে এ কেবল লিখা চির তৃষার্ত্তের স্বপ্ন মায়া-মরীচিকা। ১৬ই মাঘ, ১৩০২। — চিত্রা (1896)