ওগো আজকে তোমারি আঙিনার কোলে মুকুল মেলিল আঁখি! ধূলির কোলে সে কোথা হ’তে এল স্বৰ্গ-সুষমা মাখি’! এনেছে সে শোভা এনেছে গো হাসি, অঙ্গ ভরিয়া সৌরভরাশি; তাহারি রূপের মাধুরি হেরিয়া কুহরি’ উঠিছে পাখী! ওগো সে এসেছে যে, তারে আরতি করিয়ে নে; বনের দুলাল দুয়ারে তোমার তাহারে লহ গো ডাকি’। চোখে কত কথা করে ফুটি-ফুটি, মু’খানিতে কত হাসি লুটোপুটি, কত ফাগুনের কাহিনী এনেছে, ওগো, সে শুনিবি না কি? কিরণ দোলায় সে মৃদু বায়ুভরে দুলিছে ঘন পল্লব-সিন্ধু-লহরে মুকুতার ছবি আকি’! কত কথা যেন চাহে সে সুধাতে, কি বারতা যেন এসেছে শুনাতে, ধুলি-পিঞ্জর খুলি’ কৌতুকে এসেছে মৌন পাখী।