হেসো না, হেসো না তুমি বুদ্ধি-অভিমানী। একবার মনে আনো ওগো ভেদজ্ঞানী, সে মহাদিনের কথা যবে শকুন্তলা বিদায় লইতেছিল স্বজনবৎসলা জন্মতপোবন হতে—সখা সহকার, লতাভগ্নী মাধবিকা, পশুপরিবার, মাতৃহারা মৃগশিশু, মৃগী গর্ভবতী, দাঁড়াইল চারি দিকে; স্নেহের মিনতি গুঞ্জরি উঠিল কাঁদি পল্লবমর্মরে, ছলছল মালিনীর জলকলস্বরে; ধ্বনিল তাহারি মাঝে বৃদ্ধ তপস্বীর মঙ্গলবিদায়মন্ত্র গদ্‌গদগম্ভীর। তরুলতা পশুপক্ষী নদনদী বন নরনারী সবে মিলি করুণ মিলন। ২ শ্রাবণ, ১৩০৩ — চৈতালি (1896)