৩৯ (মধুকর।) শুনি গুন গুন ধ্বনি তোর এ কাননে, মধুকর, এ পরাণ কাঁদে রে বিষাদে!— ফুল-কুল-বধূ-দলে সাধিস্ যতনে অনুক্ষণ, মাগি ভিক্ষা অতি মৃদু নাদে, তুমকী বাজায়ে যথা রাজার তোরণে ভিখারী, কি হেতু তুই? ক মোরে, কি সাদে মোমের ভাণ্ডারে মধু রাখিস্ গোপনে, ইন্দ্র যথা চন্দ্রলোকে, দানব-বিবাদে, সুধামৃত? এ আয়াসে কি সুফল ফলে? কৃপণের ভাগ্য তোর! কৃপণ যেমতি অনাহারে, অনিদ্রায়, সঞ্চয়ে বিকলে বৃথা অর্থ; বিধি-বশে তোর সে দুর্গতি! গৃহ-চ্যুত করি তোরে, লুটি লয় বলে, পর জন পরে তোর শ্রমের সঙ্গতি!