কানাই। আবার কিনিলে মোরে, হে সুন্দরী! গোপী। আমি ত’ আসিনি; টেনে আনে বাঁশরী; লহরিয়া উঠে হিয়া ঘনঘটাতে— কানাই। বালিকা কেমনে এলে আঁধার রাতে? কেমনে চিনিলে পথ? গভীর নিশা! গোপী। চমকে বিজলী মুহু—পাইনু দিশা। কানাই। পিছল সে বাঁকা পথ কাঁটায় ভরা, বেদনা পেয়েছ বড়, বিম্বাধরা! গোপী। লঘু গতি, দৃঢ় মতি করে সে হেলা। কানাই। নিশি যে বিষম কালো,—তুমি একেলা! গোপী। না, না বঁধু, একাকিনী আসেনি রাধা, প্রেম যা’র সাথী তার কিসের বাধা!