(আমি) অকৃতী অধম বলে’ও তো, কিছু কম ক’রে মোরে দাওনি! যা’ দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি! (তব) আশীষ কুসুম ধরি নাই শিরে, পায়ে দ’লে গেছি, চাহি নাই ফিরে; তবু দয়া ক’রে কেবলি দিয়েছ, প্রতিদান কিছু চাওনি। (আমি) ছুটিয়া বেড়াই জানিনা কি আশে, সুধা পান ক’রে, মরি গো পিয়াসে; তবু, যাহা চাই সকলি পেয়েছি; তুমি তো কিছুই পাওনি। (আমায়) রাখিতে চাও গো, বাঁধনে আঁটিয়া, শত-বার যাই বাঁধন কাটিয়া, ভাবি, ছেড়ে গেছ,—ফিরে চেয়ে দেখি, এক পাও ছেড়ে যাওনি। বেহাগ—একতালা।