পরীর ছেলেরা বিনিসূতে যবে ওড়ায় ফড়িং-ঘুড়ি দুপুরের সেই আলোকের পুবে আমরা অফুট কুঁড়ি; সন্ধ্যার হাওয়া বহিলে ভুবনে তবে সে ঘামটা খুলি, আঙিনার কোলে ভাঁজে ভাঁজে খোলে রঙীন পাপ্‌ড়িগুলি! আমরা কৃষ্ণকেলি, কাহারো পরনে জর্দ্দা তসর কাহারো বা রাঙা চেলি! আকাশ-বাহিনী মন্দাকিনীর সোনার কিনার জুড়ি’ পরীর মেয়েরা মিলিয়া গুঁড়ায় পঞ্চ বরণ গুঁড়ি; সোনার পইঠা ’পরে বসি’ তারা প্রজাপতি ব্রত ক’রে পঞ্চবরণ মাখায় যখন প্রজাপতি ধ’রে ধ’রে;– তখন নয়ন মেলি, পঞ্চবরণ ঘাঘরিতে সাজি কিশোরী কৃষ্ণকেলি। চাঁদ হেন বর আসে গো যখন শাঁখ বাজে ঘরে ঘরে, সন্ধ্যা বালিকা কপালে কপোলে ক’নে-চন্দন পরে, সবুজ ডুলিতে আসি মোরা সবে বর বরণের লাগি’ এয়োর কর্ম্ম আমরাই করি আমরা বাসর জাগি! আমরা কৃষ্ণকেলি, সন্ধ্যামণির সঙ্গিনী মোরা আঁধারে নয়ন মেলি।