কঙ্কণ-কিঙ্কিণী মঞ্জ‌ুল মঞ্জীর ধ্বনি, মম অন্তর-প্রাঙ্গণে আসন্ন হল আগমনী।   ঘুমভাঙা উদ্বেল রাতে,   আধ-ফোটা ভীরু জ্যোৎস্নাতে কার চরণের ছোঁয়া হৃদয়ে উঠিল রণরণি। মেঘ-অঞ্জন-ঘন কার এই আঁখি পাতে লিখা, বন্দন-নন্দিত উৎসবে জ্বালা দীপশিখা।   মুকুলিত আপনার ভারে।   টলিয়া পড়িছে বারে বারে সংগীত হিল্লোলে কে সে স্বপনের অগ্রণী॥ — গীতিগুচ্ছ (1965)