খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে— কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ; নূতন নূতন কত গড়ে ইতিহাস; রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা— উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে, কেবা জানে নাম, দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে— কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। ১৮ চৈত্র ১৩০২ — চৈতালি (1896)