অৰ্ঘ্য লয়ে যুক্ত করে ঊর্দ্ধ মুখে আছি প্রতীক্ষায়, আমারে সার্থক কর, ওগো প্রিয় মৌন-মনোহর! কণ্টকী কেতকী আমি, ফুটেছি কাঁটার বনে, হায়, তবুও করুণা তুমি কর মোরে ভীষণ-সুন্দর! ফুটেছি কাঁটার বনে সাপের শাসনে করি বাস, অজস্র অশ্রুর মাঝে দিনে দিনে হয়েছি লালিত; চৌদিকে শ্বসিয়া উঠে ভুজঙ্গের গরল নিশ্বাস, সদা সশঙ্কিত প্রাণ, স্পন্দমান, নেত্র মুকুলিত।  সুচির সন্ধ্যায় ঘেরা দৃষ্টিহারা ম্লান মহীতলে, তোমারি ধেয়ানে থাকি গন্ধভরা তন্দ্রাধূপ ধরি’; মেঘের পরাগ ঝরে, ঝিঁঝি ডাকে, জোনাকী সে জ্বলে, কুণ্ঠিত এ প্রাণ মোর রসের রভসে ওঠে ভরি’। সুরভি সুষম আর কাঁটা লয়ে জন্মেছি জগতে, পেলব-পরুষ আমি, অবিদিত নহে সে তোমার, তবুও সার্থক করি’ লও ওগো লও কোনোমতে কণ্টকের কুণ্ঠা সনে সৌরভের গৌরব আমার।