দুধে-আল্‌তা এই দুধ-পাথরের বুকে রাখ রক্ত-কমল পা’ দুটি, এস দুধ-পাথারের লক্ষ্মী! এস ক্ষীর সাগরের পদ্মটি! এস মূর্ত্তি ধ’রে নয়ন পরে আশৈশবের কল্পনা! এই শূন্য ঘরে পড়ুক আজি আল্‌তা-পায়ের আল্‌পনা! ওগো পাথরের এই ঠুন্‌কো থালায় চরণ রাখ, নেইক ডর; এই নিটোল পাথর অটল আদর ঠুন্‌কো হ’লেও সইবে ভর! যারে বইতে কভু হয়নি ক’ভার তোমার ভার সে বইবে গো, এই ইচ্ছা-সুখের হাল্‌কা বোঝা অনায়াসেই সইবে গো! দুধে ভিজিয়ে তোলো ঘুঙুরগুলি পায়জোরে জোর বলবে না, ওগো নইলে পরে দশের ঘরে মিলন-আশা ফল্‌বে না! তুমি ভরা ঘটের ভার নিয়েছ, আমের কচি ডাল তাতে, ওগো বিধির বরে নূতন ঘরে মিলাও দুধে আল্‌তাতে!