মেঘ্‌লা মেদুর আলো স্মৃতির ভুবনে,— যেথায় কালিন্দী ধারা বয়ে যায় ধীরে,— আমি ফুটি সেইখানে; সজল পবনে প্রথম যে শান্তি-জল আমি ধরি শিরে। আমারে ঘিরিয়া চির রাস-রসোল্লাস, প্রতি রোম-কুপে মোর মিলন-মাধুরী; সুষমা-সৌরভে মিল,—অপূর্ব্ব বিকাশ, কাঞ্চনে মণিতে মিল, লাবণ্যের ঝুরি! পুলক-অঞ্চিত আমি জনমে জনমে, স্মরণ-সরণী ‘পরে, প্রাবৃটের পুবে! মিশায়েছি গোরোচনা চন্দনে বিভ্রমে,— মেখেছি ললাটে তাই—দেখেছি বন্ধুরে! ওগো বন্ধু! ওগো মেঘ! শ্যামল! শীতল! আমি চির আনন্দের অখণ্ড-মণ্ডল।