বরষার ধারা-যন্ত্র-ভবনে খুলেছে কল, চল্‌ সখী মোরা তরুণ এ তনু জুড়াই চল্‌। শিথিল ক’রে দে সবুজ আঙিয়া, আজ বিকালে, কিসের সরম মেঘে ঘেরা এই রং মহালে? আঁধার কানন আলো করি আয়, বন-জোসিনী! আয় সুবাসিনী, আয় গো অমলা, সন্তোষিনী; হৃদয়ের মধু-গন্ধ-গেহের খুলেছে চাবি, ঘোমটা খুলিতে নয়ন মেলিতে আর কি ভাবি? দুয়ারে দাঁড়ায়ে সঙ্কেত করে সন্ধ্য-দূতী, প্রাবৃটের রং-মহাল-বাসিনী রূপসী যুথি! হৃদয়ের মধু-গন্ধ-গেহের খুলে দে কল, বরষার ধারা-যন্ত্র-ভবনে চল্‌ গো চল্‌!