(শ্রীমান্‌ খ্রীষ্টদাস সিংহ)  হে পুত্র, পবিত্রতর জনম গৃহিলা আজি তুমি, করি স্নান যর্দ্দনের নীরে সুন্দর মন্দির এক আনন্দে নির্ম্মিলা পবিত্রাত্মা বাস হেতু ও তব শরীরে; সৌরভ কুসুমে যথা, আসে যবে ফিরে বসন্ত, হিমান্তকালে। কি ধন পাইলা— কি অমূল্য ধন বাছা, বুঝিবে অচিরে, দৈববলে বলী তুমি, শুন হে, হইলা! পরম সৌভাগ্য তব। ধর্ম্ম-বর্ম্ম ধরি পাপ-রূপ রিপু নাশো এ জীবন-স্থলে; বিজয়-পতাকা তোলি রথের উপরি; বিজয় কুমার সেই, লোকে যারে বলে খ্রীষ্টদাস, লভো নাম, আশীর্ব্বাদ করি, জনক জননী সহ, প্রেম কুতূহলে!